[ad_1]
প্রথম আলো :
নবীন অনেক শিল্পী লালনের গান গাইছেন। ব্যান্ডের শিল্পীরাও গাইছেন ভিন্ন আঙ্গিকে। আপনি ব্যাপারটাকে কীভাবে দেখছেন?
ফরিদা পারভীন: ভালো করে গাইলে তো ভালো। আখড়া থেকে শহরের ড্রয়িংরুমে অনেক আগেই লালনগীতি এসেছে। আমিই করেছি এটা। আধুনিকতার নামে আজকাল লালনের গান বিকৃত করে গাইছে। আমি ওদের বলব গানের সন্ত্রাসী। লালনের গান বিকৃত করার অপরাধে ওদের শাস্তি হওয়া উচিত। আমার মতে, লালনের গান গাওয়ার অধিকার আছে সবারই, কিন্তু বিকৃত করার অধিকার কারও নেই।
প্রথম আলো :
সবশেষে ‘আমি ধূপের মতো’ শিরোনামে একটি আধুনিক গানের একক বেরিয়েছিল; কিন্তু পরে আর করা হয়নি কেন?
ফরিদা পারভীন: লালনগীতিতে পুরোপুরি আবিষ্ট আমি। ওই অ্যালবামটিও অনেকটা জোর করে আমাকে দিয়ে করানো হয়েছিল। অনেকটা পরীক্ষামূলক গান ছিল। ভয়ে ভয়ে ছিলাম কী হবে, কী হবে। পরে দেখলাম ভালোই হয়েছে। এখনো অনুরোধ আছে। ভাবছি একটা মৌলিক গানের অ্যালবাম করব।
প্রথম আলো :
গান নিয়ে আপনার স্বপ্ন কী?
ফরিদা পারভীন: স্বপ্ন তো অনেক। মনে হয় ১৪ কোটি মানুষের ১৪ কোটি স্বপ্ন আমি দেখছি। লালনের গান যেন কখনো হারিয়ে না যায়, সেই কাজই করতে চাই। আমাদের অনেক প্রতিভাবান শিল্পী আছে; কিন্তু দিকনির্দেশনার অভাবে তারা সঠিকভাবে গাইতে পারে না। আমি তাদের শেখাতে চাই। আমার ওস্তাদের মধ্যে আমি যেমন আছি, তেমনি আমার মধ্যে তারা থাকবে। এভাবে লালনের গান বছরের পর বছর টিকে থাকবে।
প্রথম আলো :
চার দশক ধরে গান করেছেন। সংক্ষেপে প্রাপ্তিটা বলবেন?
ফরিদা পারভীন: সবচেয়ে বড় পাওয়া মানুষের ভালোবাসা। এই তো গতকাল (২০০৭ সালের জুন মাসের কথা) নারায়ণগঞ্জে গিয়েছিলাম ‘লালন সাঁইজি মানবকল্যাণ কেন্দ্র’র একটা অনুষ্ঠানে। অনেক সাঁইজি এসেছিলেন। অনুষ্ঠানে আমাকে একটা সাদা শাড়ি উপহার দেওয়া হলো। এক সাঁইজি বললেন, ‘মা, এটা তোমাকেই মানায়।’এ জীবনে এটাই তো অনেক বড় পাওয়া। দেশে-বিদেশে অগণিত মানুষের ভালোবাসা আমাকে অনেকবার মুগ্ধ করেছে। বাজারে গেলে দোকানদাররা আমাকে সম্মান জানিয়ে ডাকে, ভালো জিনিসটা আমার জন্য রেখে দেয়। কোনো সিএনজি টাক্সিচালক আমাকে ‘না’ করেনি। যেখানে যেতে চেয়েছি, গেছে। মানুষের ভালোবাসা আর সম্মান অনেক বড় পাওয়া বলে মনে করছি। বাড়ি-গাড়ির শূন্যতা কখনো অনুভব করিনি। চোখ বন্ধ করে যখন গাই ‘খাঁচার ভিতর অচিন পাখি…’ তখন মনে পড়ে যায় নশ্বর জীবনে চাওয়ার খুব বেশি কিছু থাকতে পারে না। কারণ, কোনো কিছুই তো স্থায়ী নয়।
[ad_2]
Source link

Leave a Reply