ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৯১ ফিলিস্তিনি

[ad_1]

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একদিনে আরও অন্তত ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার শিফা হাসপাতালের পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের সদস্য এবং গাজা সিটি থেকে পালানোর সময় ট্রাকে থাকা চারজনও রয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, শনিবারের হামলায় বসতবাড়ি, স্কুলে তৈরি আশ্রয়কেন্দ্র, বাস্তুচ্যুতদের তাঁবু ও পালিয়ে যাওয়া মানুষের ট্রাককে লক্ষ্যবস্তু করা হয়। শুধু এসব হামলায় নিহত হন অন্তত ৭৬ জন। এছাড়া গাজা সিটির নাসর এলাকায় এক ড্রোন হামলায় আরও চারজন প্রাণ হারান।

দিনের শুরুতে আল-শিফা হাসপাতালের পরিচালক ড. আবু সালমিয়ার পারিবারিক বাড়ি বোমায় গুঁড়িয়ে যায়। এতে তার ভাই, ভাবি ও তাদের সন্তানসহ অন্তত পাঁচজন নিহত হন। শোকে ভেঙে পড়া আবু সালমিয়া বলেন, জরুরি বিভাগে দায়িত্ব পালনের সময় হঠাৎ তার ভাই ও ভাবির মরদেহ সামনে আসে।

হামাস এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী বার্তা’ আখ্যা দিয়ে বলেছে, চিকিৎসকদের গাজা ছাড়তে বাধ্য করতেই ইসরায়েল এমন হামলা চালাচ্ছে। তাদের দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত ১ হাজার ৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং ৪০০ জনকে আটক করেছে।

আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানিয়েছেন, হাজারো মানুষ নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ ও কামান হামলা থেকে পালাচ্ছেন। তিনি বলেন, ইসরায়েল বিস্ফোরকভর্তি রোবটও ব্যবহার করছে, প্রতিটি বিস্ফোরণ যেন ভূমিকম্পের মতো মনে হচ্ছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের হিসাব অনুযায়ী, আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজার প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়েছেন। এর মধ্যে অন্তত ২০টি বহুতল ভবন ইসরায়েলি সেনারা গত দুই সপ্তাহে ধ্বংস করেছে।

তবে পালিয়ে আসা মানুষ এখন চরম মানবিক সংকটে পড়েছেন। পানি, বিদ্যুৎ ও অবকাঠামোহীন অবস্থায় অনেকেই রাস্তায় তাঁবু ফেলেই দিন কাটাচ্ছেন।

বাংলাদেশ জার্নাল/জে



[ad_2]

Source link


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *